আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনকে উগ্র সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে হিন্দুত্ববাদী এ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তিনটি ইসলামি রাজনৈতিক দল। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সমমনা ইসলামী দলসমূহ’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি। এ সময় আরো দুটি দাবি জানান ওই তিন ইসলামি দলের নেতারা।
এ ২ দাবি হলো- অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইসকন সংগঠিত সব অপরাধের সুষ্ঠু বিচার করা। সাম্প্রদায়িক উসকানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালনাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।
সংবাদ সম্মেলনে ‘সমমনা ইসলামী দলসমূহ’র পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি বলেন, দেশের পরিবেশ-পরিস্থিতিকে অস্থিতিশীল করতে, ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে ইসকন নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।