ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আগামীকাল সোমবার বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানানোর পাশাপাশি নতুন কর্মসূচিও ঘোষণা করেছে ছাত্রদল।
আজ রবিবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাতবরণ করেছে। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা।
‘গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে আন্তর্জাতিক বিশ্ব এখনো এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।’