রাজধানীর মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন জামায়াত আমির।
জামায়াত আমির বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন। হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা নিহত-আহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসে নিহত হয়েছেন।’