নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হওয়া সত্ত্বেও ইখলাস ও তাক্ওয়ার ঘাটতির কারণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। কেবল আর্থিক ও সাংগঠনিক শক্তি অর্জন যথেষ্ট নয়; বরং পরিপূর্ণ ইখলাস, তাক্ওয়া এবং আল্লাহভীতি অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব।
মঙ্গলবার (২১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদার।
মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, আমল, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রজীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে ইখলাস ও তাক্ওয়ার চর্চা অপরিহার্য।
সভায় সভাপতির বক্তব্যে আহমদ আবদুল কাইয়ূম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কয়েকটি রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন এ বিষয়ে নীরব রয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে জুলাইয়ের চেতনা ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার রাজনৈতিক পরিণতি শুভ হবে না। এখনও সময় আছে জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করার।
মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, শেখ আবু তাহের এবং কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন ও শিব্বির আহমদ সাব্বিরসহ মহানগরের দায়িত্বশীল নেতারা।
আইও/