শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮


ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিভক্ত ও ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং দল আগের চেয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা কোনো দলকে কোনো শক্তিই ধ্বংস করতে পারবে না। তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়ন নৈতিক ও আদর্শিক পরিবর্তন ছাড়া সম্ভব নয়। ইসলামের ইতিহাসে কোথাও কেবল অর্থ, জনবল বা সক্ষমতার জোরে দ্বীনের বিজয় আসেনি; বরং আল্লাহর রহমতের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি ইখলাস, তাকওয়া এবং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। কেবল আর্থিক ও শারীরিক শক্তি অর্জন করলেই চলবে না; বরং পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জনের মাধ্যমেই দ্বীনের বিজয় সম্ভব। ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা হলেও রাষ্ট্রীয় পর্যায়ে তা প্রতিষ্ঠিত না হওয়ার পেছনে ইখলাস ও তাকওয়ার ঘাটতিকে তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নাযির আহমদ শিবলী এবং হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।

সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলামী আন্দোলনের সফলতা কেবল সংসদীয় আসনের সংখ্যায় নির্ণয় করা যায় না। দলটির প্রকৃত শক্তি ও সফলতা নৈতিকতা ও আদর্শিক উৎকর্ষের মধ্যেই নিহিত।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কয়েকটি রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় এলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন এ বিষয়ে নীরব রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ না হলে এর রাজনৈতিক পরিণতি সরকারের জন্য নেতিবাচক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ