সীমান্তে ভারতের পুশইন কার্যক্রমের প্রেক্ষাপটে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রশংসা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে তিনি ভারতের পুশইন কার্যক্রমকে আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, সীমান্তে পুশইনের নামে মানুষকে অমানবিক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যও ক্ষতিকর।
মুফতি রেজাউল করীম বলেন, দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাদের কর্তব্য পালন করছে। সীমান্ত সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষায় তাদের ভূমিকা প্রশংসার দাবিদার। এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিজিবিকে ধন্যবাদ জানান তিনি।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ পরিহার করে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। প্রয়োজনে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বিষয়টি উত্থাপন করা যেতে পারে।
বাজেট প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে না। জনগণের করের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাজেটের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে সরকারকে কার্যকর সুশাসন ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আইও