হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকায় দ্বিতীয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইলের একটি প্রস্তাবের জবাব দিয়েছে।
গতমাসে আমেরিকা, ইসরাইল, কাতার ও মিসরের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন। কাতার ও মিসর মূলত গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
তিন ধাপে বাস্তবায়নযোগ্য প্যারিস প্রস্তাবের প্রথম ধাপে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক অবশিষ্ট ‘বেসামরিক’ ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়ার কথা বলা হয়েছিল। ওই ধাপের সফলতার ওপর নির্ভর করে বাকি দুই ধাপ বাস্তবায়নের কথা বলা হয়েছিল যেখানে ছিল গাজায় আটক সব ইসরাইলি বন্দির মুক্তির প্রস্তাবও। কিন্তু প্যারিস প্রস্তাবে গাজায় সরাসরি স্থায়ী যুদ্ধবিরতির কথা ছিল না।