পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায়। কিন্তু ২৪ ঘণ্টা পরেও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা আসেনি। এখনও কিছু আসনের ভোট গণনা চলছে।
ফলাফল আসতে দেরি হওয়ায় নির্বাচনে নিজেদেরকে জয়ী ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর- ডেকান হেরাল্ড।
যেখানে দলটি জানিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে ১৩৩ আসনে জয়ের যে বাধ্যবাধকতা রয়েছে তা ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দেশটির জাতীয় পরিষদের (এনএ) ২৬৫ আসনের মধ্যে তারা জিতেছেন ১৫০টিরও বেশি আসনে। কেন্দ্রীয় সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রদেশ পাঞ্জাব এবং খায়বার পাখতুনখোয়াতে পিটিআই বড় ব্যবধানে জয় পেয়েছে বলে দাবি করেছে দলটি। দেশটির নির্বাচন কমিশনের খসড়া ফলাফল ফর্ম-৪৫ এর তথ্য অনুযায়ী এমনটি দাবি করে পিটিআই। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে প্রাপ্ত প্রার্থীদের ভোটের চিত্রও দেখানো হয়েছে।