নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ বিদ্যমান মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার কোনো ব্যত্যয় না ঘটে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, সুচিকিৎসা ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করা প্রতিটি সন্তানের ঈমানি ও নৈতিক দায়িত্ব। ইসলাম পিতা-মাতার হক আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়।
তবে সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইনের প্রয়োগ ও শরিয়াহর সামঞ্জস্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো শরিয়াহভিত্তিক ফারায়েজ ও হেবার বিধানের সঙ্গে সম্পৃক্ত। তাই সম্পত্তি হস্তান্তরের নতুন কোনো পদ্ধতি বা ধারা যেন ইসলামী মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টিকে সাধারণ হস্তান্তর পদ্ধতি হিসেবে বিবেচনা করা হলেও এর বাস্তব প্রয়োগে যেন পবিত্র কোরআন ও সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার নীতির কোনো ক্ষতি না হয়, সেদিকে গভীর নজর দেওয়া প্রয়োজন।
হেফাজত নেতৃদ্বয় বলেন, কোনো আইনি জটিলতা কিংবা শরিয়াহর সঙ্গে অসঙ্গতি এড়াতে বিলটি চূড়ান্ত করার আগে দেশের বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া সমীচীন। শরিয়াহ বোর্ডের পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন এনে এমন আইনি কাঠামো তৈরি করা উচিত, যাতে পিতা-মাতার অধিকার রক্ষার পাশাপাশি সুন্নাহসম্মত হেবা ও মিরাসের বিধানও সম্পূর্ণ নিরাপদ থাকে।
বিবৃতিতে সরকারের প্রতি বিলটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের আহ্বান জানানো হয়।
আইও/