শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজবাড়ীর পাংশা বাজারে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুন ছড়িয়ে পাঁচটি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্র জানায়, বাড়েক মোড় এলাকার একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে পাটকাঠির পালায় ভিমরুলের বাসা ছিল। শুক্রবার দুপুরে ভিমরুলের বাসা পোড়াতে পাটকাঠির পালায় আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারের দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, ‘বাজারের পাশের একটি বসতবাড়িতে ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে আমার দুটি দোকানসহ আরো তিনটি দোকানে লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল।

জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানের মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।
রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, ‘রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ