কুমিল্লা প্রতিনিধি
প্রিয় আলেমকে শেষ বিদায় জানাতে কুমিল্লার সুয়াগঞ্জে ঢল নেমেছিল লাখো মুসল্লির। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি, বটগ্রাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লার আলেমদের অভিভাবক আল্লামা নুরুল হকের জানাজায় অংশ নেন কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আলেম-উলামা, শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষ। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজাস্থল ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ. হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৩৬ মিনিটে ইন্তেকাল করেন বর্ষীয়ান এ আলেম।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সুয়াগঞ্জে আসতে থাকেন। প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আল্লামা নুরুল হক কুমিল্লার ধর্মীয় অঙ্গনে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বটগ্রাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা বিস্তার ও আলেম গঠনে ভূমিকা রেখে তিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা অর্জন করেন।
তাঁর ইন্তেকালে কুমিল্লাসহ দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আলেমসমাজ, কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও অনুসারীদের মধ্যে বিরাজ করছে শোকের আবহ। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র ও অনুরাগীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
এসএইচ/