বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (৩ জুন) সৌদি আরবের পবিত্র মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার উদ্যোগে আয়োজিত হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত্তি রচিত হয়েছিল, তার ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের প্রত্যাশা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য।

তিনি দাবি করেন, গত ফেব্রুয়ারিতে দেশে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি গণভোট। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল চতুর্থ গণভোট। গণভোটের আগে দেশের অধিকাংশ রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও পরবর্তীতে জনগণের রায়ের বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সর্বপ্রথম রাজপথে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক গণসমাবেশের মাধ্যমে দলটি সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মক্কা শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মুফতি মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরউদ্দিন মুনির প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ