বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটি বলেছে, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে এবং দ্রব্যমূল্যের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।

বুধবার (৩ জুন) এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, বিইআরসি পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। পাশাপাশি সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। এমন সিদ্ধান্তে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়।

তারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থ উপেক্ষা করে নেওয়া এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খেলাফত মজলিসের নেতারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, জনগণের দুর্ভোগ বাড়ায় এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে এসে জনকল্যাণমুখী নীতি গ্রহণ করতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ