বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮


বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হলেন অলিউল্লাহ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াবুনিয়া মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ২০২৭-২৮ ইং সেশনের জন্য তাকে জেলা শাখার সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তাঁর বক্তব্য শেষে নতুন জেলা কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাওলানা মো. আব্দুস শাকুরকে। সহ-সভাপতি হয়েছেন মাওলানা জালালুদ্দিন কারেমী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আলহাজ্ব মুফতী মিজানুর রহমান কাসেমী। উপদেষ্টা করা হয়েছে মাওলানা মুফতী ওমর ফারুক জিহাদি ও মাওলানা আব্দুল কাদেরকে (পীর সাহেব বাওয়ালকর)।

‘দলীয়করণের ক্ষতিকর প্রবণতা দেখা যাচ্ছে’

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই সরকারের মধ্যে দলীয়করণ করার একটি ক্ষতিকর প্রবণতা দেখা যাচ্ছে।’

মহাসচিব বলেন, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দিয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির পথ উন্মুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় দলীয়করণ ও স্বজনপ্রীতি কোনোভাবেই বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সহায়ক হতে পারে না। জনগণের অধিকার নিশ্চিত করতে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নিয়োগ ও দায়িত্ব বণ্টন করতে হবে।

‘ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুরের সঞ্চালনায় বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় দলের বরগুনা জেলা শাখা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ