জুনায়েদ শোয়েব
প্রতিবেদক
জেরুসালেমকে মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক ইজরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ঢাকা মহানগরীর উদ্যোগে আজ আমেরিকান দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ । ইতিমধ্যে ঘেরাও কর্মসূচির সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মহাসচিব ও ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রধান তত্ত্বাবধায়ক ফজলুল হক কাসেমী জানান, ইতিমধ্যে প্রশাসনিক অনুমতিসহ যাবতীয় প্রস্তুতি নিশ্চিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টা থেকে কর্মসুচি শুরু হবে।
মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হবে। মিছিল পুর্ব সমাবেশে জুনাইদ বাবুনগরী, নুর হোসাইন কাসেমী জুনাইদ আল হাবিব, মাহফুজুল হক সাহেবসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃগন উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঘেরাও কর্মসূচি থেকে মার্কিন রাষ্ট্রদূতের হাতে “জেরুসালেমকে অতিসত্বর ফিলিস্তিনিদের রাজধানী ঘোষণার আহবান করে একটি স্মারকলিপি প্রদান করা হবে।”
ফজলুল হক কাসেমী বলেন, এটা আন্তর্জাতিক ইস্যু, এতে দলমত নির্বিশেষে সকল মুসলমানের অংশগ্রহণ করা উচিৎ। তিনি আশা প্রকাশ করেন আগামিকালের নির্দলীয় এ কর্মসুচিতে ঢাকা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক জনগণ অংশগ্রহণ করবে। তিনি সকলকে শান্তিপূর্ণ ভাবে কর্মসুচি বাস্তবায়নের আহবান জানান।
এদিকে আজ গনমাধ্যককে দেওয়া এক যৌথ বিবৃতিতে, মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
বিবৃতিতে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমানদের প্রতি ঘেরাও কর্মসূচী সফলের আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে গড়ে ওঠা জেরুসালেম নগরীকে যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইহুদীবাদী ইসরয়েলের রাজধানী ঘোষণা করে মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তার সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লংঘন করে তিন ধর্মের পবিত্র স্থান পবিত্র বায়তুল মোকাদ্দাসের শহর জেরুসালেম কে আগ্রাসী ইজরাইলের রাজধানী ঘোষণা করে।
এর প্রতিবাদে 8 ডিসেম্বর বায়তুল মোকাররমে এক প্রতিবাদ মিছিল থেকে আগামীকালের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসুচি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আরএম