আওয়ার ইসলাম: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। আদালত অবমাননার জন্য মুরসিসহ ২০ জনকে এই সাজা দেওয়া হয়েছে।
কারাদণ্ড ছাড়া চল্লিশ লক্ষ পাউন্ড জরিমানাও দিতে হবে মুরসিকে। অন্য দোষীদেরও দশ লক্ষ পাউন্ড করে জরিমানা দিতে হবে।
২০১৩ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মাত্র ১ বছরের মাথায় অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয় মুরসিকে। গ্রেফতার করা হয় কয়েক হাজার সমর্থককেও। ক্ষমতাচ্যুত হওয়ার পরে ২০১৩ সালেই এক বক্তৃতায় দেশের বিচারব্যবস্থা ও বিচারকদের বিরুদ্ধে বলেছিলেন তিনি। সেই বক্তৃতার জন্যই তাকে এই সাজা দেওয়া হল।
ইতিমধ্যেই সন্ত্রাসসহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৪৫ বছরের কারাদণ্ড হয়েছে ৬৬ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টের।