আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. আবাদুল হামিদকে দল (আওয়ামী লীগ) মনোনয়ন দিয়েছে। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে তা দেশ এবং জাতির কল্যাণে মঙ্গল বয়ে আনবে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৫ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ ফেব্রুয়ারি। আর প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।
সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত। তবে অন্য কোনো প্রার্থী না থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না।
মনোনয়নপত্র সংগ্রহের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে হুইপ শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে এ বছরের ২৩ এপ্রিল। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী ৯০ হইতে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।