আওয়ার ইসলাম: প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।
শনিবার (৪ মে) রাত সোয়া ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট শাখার উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ছোট ফেরিগুলো দিয়ে পারাপার শুরু হয়। রাত সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ৩টা থেকে ঘূর্ণীঝড় ‘ফণী’র কারণে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে শনিবার বিকেল সাড়ে ৩টায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু করা হয়। তার দুই ঘণ্টা পর ঝড়ো বাতাস শুরু হওয়ায় আবারও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় বেশ কিছু যাত্রীবাহী বাস ও কয়েক’শ পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। বর্তমানে ১৪ টি ফেরি দিয়ে এ নৌপথে যানবাহন পরাপার করা হচ্ছে।
-এএ