শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


ইসলামি নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপস নয়: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা—সব পর্যায়ে ইসলামি নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘ছাত্র সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলোর মূল লক্ষ্য হলো ব্যক্তি ও সমাজজীবনের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও ইসলামি নীতি-আদর্শ বাস্তবায়ন করা। দেশে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন থাকলেও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের স্বতন্ত্র আদর্শ ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা, নীতি ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে পারে, তাহলে এ দেশে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এ দেশে একদিন ইসলামি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, সংগঠনের আদর্শ ও নীতির ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। যেকোনো পরিস্থিতিতে ইসলামি নীতি-আদর্শকে অটুট রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, কোনো নেতাকর্মী যদি আদর্শচ্যুত হন, তাহলে ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে সাধারণ রাজনৈতিক বা ছাত্র সংগঠনের আর কোনো পার্থক্য থাকবে না। এমন আদর্শচ্যুতি ইসলামী আন্দোলনের মূলনীতিরও পরিপন্থী।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের চরিত্র, চিন্তা ও কর্মকাণ্ডে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। শুধু সংগঠনের পরিচয় বহন করলেই হবে না; ব্যক্তিজীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুনতাসির আহমাদসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ