আওয়ার ইসলাম: বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হবিগঞ্জের দুই ঘটনায় তিনজন আর সুনামগঞ্জে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (২৫), একই গ্রামের মানিক মিয়ার ছেলে সরফত আলী (১৬), শায়েস্তাগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের আকছির মিয়া (৫০) ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সলফ গ্রামের মঞ্জু মিয়া (২২)।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ বিশ্বাস জানান, সকাল ৯টার দিকে বজ্রপাতে আহত রনিয়া গ্রামের পাঁচ কিশোর-তরুণকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় তিনি সরফত ও পলাশকে মৃত ঘোষণা করেন।
একই সময় বজ্রপাতে আকছির মিয়া আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন।
আজমিরীগঞ্জের পাঁচ কিশোর-তরুণ কুশিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাহত হন বলে স্থানীয়রা জানিয়েছে। আর শায়েস্তাগঞ্জের আকছির মিয়া বাড়ি থেকে বের হয়েছিলেন নদীতে মাছ ধরতে যাওয়া ছেলেকে ফিরিয়ে আনার জন্য। পথেই তিনি বজ্রাহত হন। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা বজ্রপাত হয় সকাল ৮টায়।
ধরমপাশা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সকালে বৃষ্টির মধ্যে গ্রামের পাশে মনাই নদীতে মাছ ধরতে যান মঞ্জু মিয়া। মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
-এটি