নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও সদরুল মুদাররিসিন, শাইখুল উলুম ওয়াল ফুনুন আল্লামা শেখ আহমদ অসুস্থ। গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থতায় ভুগছেন।
তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীসহ সব দীনদার মুসলমানের কাছে আন্তরিক দোয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্রে জানা গেছে, প্রবীণ এই আলেমে দীন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।
আল্লামা শেখ আহমদ ১৯৫০ খ্রিষ্টাব্দে (১৩৭২ হিজরি) চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ মীরেরখীল গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কেরামত আলী।
ছয় বছর বয়সে তিনি দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। সেখানেই নাজেরা থেকে দাওরায়ে হাদিস, তাফসির ও ফুনুনাতের বিভিন্ন কিতাব অধ্যয়ন করেন। তাঁর উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন আল্লামা আব্দুল কাইয়ূম, আল্লামা মুফতি আহমদুল হক, আল্লামা আব্দুল আজিজ, আল্লামা আব্দুল হামীদ ও আল্লামা শাহ আহমদ শফী (রহ.)।
১৩৯৩ হিজরিতে হাটহাজারী মাদরাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। দীর্ঘদিন সেখানে পাঠদান করার পর জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪৩৯ হিজরিতে পুনরায় হাটহাজারী মাদরাসায় যোগ দেন। তাঁর হাতে গড়ে উঠেছেন অসংখ্য আলেম, মুহাদ্দিস, মুফতি ও খতিব।
ইলমে হাদিসের পাশাপাশি তাসাউফ ও সুলুকেও তাঁর বিশেষ সম্পৃক্ততা রয়েছে। তিনি একাধিক বিশিষ্ট আলেম ও বুজুর্গের কাছ থেকে খেলাফত লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মিনহাজুল বারী শরহে বোখারি, তাকরীরে তিরমিজি শরিফ, তাকরীরে আবু দাউদ শরিফ, উসূলে হাদিস ও উসূলে তাফসির এবং জিয়াউল বোরদাহ শরহে কাসিদাহ বোরদাহ।
আইও/