বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


কে এই অং সান সূ চি, কী তার পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

"অং সান সু চি" (আওঁ সাঁ সু চি)। এ নামে আর সব বর্মী নামের মতোই কোনো ডাকনাম নেই। কেবল ব্যক্তিগত নাম। তার নামটা এসেছে তিন স্বজনের থেকে: বাবার নাম থেকে "অং সান", দাদীর নাম থেকে "সু", আর মায়ের নাম থেকে "চি"।

বর্মীরা তাকে ডাকে ড অং সান সু চি। ড, আক্ষরিক অর্থে "চাচী", কিন্তু প্রবীণ ও সম্মানিত বর্মী নারীদেরকে ড বলা হয় "শ্রীমতি" বা "ম্যাডাম" অর্থে। বর্মীরা তাকে অনেকসময় ড সু বা আমায় সু ("আম্মা/মা সু") বলেও অভিহিত করে।

অং সান সু চি ১৯৪৫ সালের ১৯শে জুন ব্রিটিশ বার্মার রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুন) জন্মগ্রহণ করেন। পিটার পপহ্যামের বর্ণনানুসারে, তিনি রেঙ্গুনের বাইরে হামওয়ে সাউং নামক একটি ছোট গ্রামে জন্ম নেন। তার বাবা অং সান সেসময় আধুনিক বর্মী সেনাবাহিনী গঠন করেন এবং আলাপ-আলোচনা করে ব্রিটিশ সাম্রাজ্যের থেকে বার্মাকে স্বাধীন করেন; কিন্তু ঐ বছরই তিনি বিপক্ষদের গুপ্তহত্যার শিকার হন।

সু চি তার মা খিন চি এবং দুই ভাই অং সান লিন ও অং সান ও-এর সাথে রেঙ্গুনে বড় হন। অং সান লিন আট বছর বয়সে বাড়ির শোভাবর্ধক হ্রদে ডুবে গিয়ে মারা যায়। অং সান ও পরে আমেরিকার নাগরিকত্ব নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে প্রবাসী হন। অং সান লিনের মৃত্যুর পর তাদের পরিবার বাসা বদল করে ইনয়া লেকের কাছে ৫৪ ইউনিভার্সিটি এভিনিউয়ের এক বাড়িতে চলে আসে; সু চি এখানে এসে বহুরকম অভিজ্ঞতাসম্পন্ন, রাজনৈতিক মতাদর্শী ও ধর্মানুসারীদের সাথে পরিচিত হন।

বার্মার শৈশব জীবনে তিনি মেথডিস্ট ইংলিশ হাইস্কুলেই (এখন বেসিক এডুকেশন হাইস্কুল নং ১ ডাগন) বেশি সময় পড়েছেন; সেখানে বিভিন্ন ভাষা শেখার দক্ষতার কারণে তিনি সুপরিচিত ছিলেন। তিনি চারটি ভাষায় কথা বলতে পারেন: বর্মী, ইংরেজি, ফরাসী ও জাপানি। ধর্মীয় বিশ্বাসে তিনি থেরবাদী বৌদ্ধ।

সু চির মা খিন চি নবগঠিত বর্মী সরকারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ১৯৬০ সালে তাকে ভারত ও নেপালে বর্মী রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়া হয়, সু চিকেও তিনি সাথে নিয়ে যান। নয়াদিল্লিতে কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলে সু চি পড়াশোনা করেন, পরে ১৯৬৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডী শ্রী রাম কলেজ থেকে রাজনীতি বিষয়ে ডিগ্রি পাশ করেন।

এরপর ১৯৬৭-তে অক্সফোর্ডের সেন্ট হাগস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে বি.এ. ডিগ্রি নেন; এবং তার তৃতীয় ডিগ্রি এম.এ. অর্জন করেন রাজনীতি বিষয়ে। স্নাতক পাশের পর তিনি নিউ ইয়র্কে তাদের পারিবারিক বন্ধু ও একসময়ের জনপ্রিয় বর্মী পপ-গায়িকা মা থান ইয়ের সাথে বসবাস করতে থাকেন। এসময় তিন বছর তিনি জাতিসংঘে কাজ করেন, প্রধানত বাজেট ক্ষেত্রে এবং তার ভবিষ্যত স্বামী ড. মাইকেল অ্যারিসকে নিয়মিত চিঠি লিখতেন।

১৯৭২ সালের ১লা জুনে সু চি এবং অ্যারিস, ভুটানে বসবাসরত তিব্বতি সংস্কৃতি বিষয়ের পণ্ডিত গবেষক, বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী বছর লন্ডনে তাদের প্রথম সন্তান আলেকজান্ডার অ্যারিসের জন্ম হয়; দ্বিতীয় সন্তান কিম জন্ম নেয় ১৯৭৭ সালে। ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে সু চি বর্মী সাহিত্য বিষয়ে এমফিল ডিগ্রি নেয়ার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (SOAS/সোয়াস) গবেষণা শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন।

১৯৯০ সালে তিনি সোয়াস-এর একজন অনারারি ফেলো হিসেবে নির্বাচিত হন। দুবছরের জন্য তিনি ভারতের শিমলায় অবস্থিত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজের (IIAS) ফেলোও ছিলেন। এছাড়া ইউনিয়ন অফ বার্মা সরকারের জন্যও তিনি কাজ করেছেন।

১৯৮৮ সালে সু চি বার্মায় ফেরেন, প্রথমত তার অসুস্থ মায়ের দেখাশোনার জন্য, তবে এরপরে গণতন্ত্রের পক্ষে আন্দোলনের নেতৃত্ব দেয়ার উদ্দেশ্যে। ১৯৯৫-এর ক্রিসমাসে অ্যারিস বার্মায় গেলে তাদের শেষবারের মতো দেখা হয়, কারণ সু চি বার্মাতেই থেকে যান কিন্তু বর্মী স্বৈরশাসকেরা অ্যারিসকে আর কখনো বার্মায় প্রবেশের ভিসা দেয়নি। ১৯৯৭ সালে অ্যারিসের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এবং তা ছিল চূড়ান্ত পর্যায়ে।

যুক্তরাষ্ট্র, জাতিসংঘের মহাসচিব কফি আনান এবং পোপ দ্বিতীয় জন পলসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার আবেদন ও অনুরোধের পরও বর্মী সরকার অ্যারিসকে ভিসা দেয়নি; বরং বলে যে, অ্যারিসকে নিয়ে চিন্তিত হবার দায় সরকারের নয়, অং সান সু চিরই উচিত তাকে দেখতে বিদেশে যাওয়া।

সেসময় সু চি গৃহবন্দিত্ব থেকে সাময়িক ছাড়া পেলেও দেশত্যাগ করতে রাজি হননি, কারণ তার আশঙ্কা ছিল একবার দেশ ছেড়ে গেলে সামরিক জান্তা তাকে আর ফিরতে দেবে না; তারা এই ব্যাপারে প্রতিশ্রুতি ও আশ্বাস দিলেও তিনি সেগুলো বিশ্বাস করেননি।

১৯৯৯ সালের ২৭শে মার্চ অ্যারিস তার ৫৩তম জন্মদিনে মৃত্যুবরণ করেন। ১৯৮৯ সালে তার স্ত্রী গৃহবন্দী হবার পর থেকে তাদের মাত্র পাঁচবার দেখা হয়েছে, শেষবার ১৯৯৫-এর ক্রিসমাসে। সু চি তার সন্তানদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যান, তারা তখন যুক্তরাজ্যে থাকতো; তবে ২০১১ সাল থেকে তারা মায়ানমারে এসে মায়ের সাথে দেখা করে যায়।

২০০৮ সালের ২রা মে মায়ানমারে ঘূর্ণিঝড় নার্গিস আঘাত হানালে ঝড়ো হাওয়ায় সু চির হ্রদ-তীরবর্তী ভাঙাচোরা বাড়ির ছাদ উড়ে যায় এবং বিদ্যুৎ চলে যাওয়ায় প্রায় অন্ধকারের মধ্যে তাকে থাকতে হয়। রাতের বেলায় তিনি মোমবাতি ব্যবহার করতেন কারণ তাকে কোনো জেনারেটর দেয়া হয়নি। ২০০৯-এর আগস্টে বাড়িটা মেরামত ও সংস্কার করার পরিকল্পনা ঘোষণা করা হয়। অবশেষে ১৩ই নভেম্বর ২০১০ তারিখে সু চি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ