বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


‘শরয়ী সমাধান’-এর ৩০০তম পর্বে দর্শকদের উচ্ছ্বসিত মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এতদিন যারা মোবাইল কিংবা টিভির পর্দায় দেখেছেন জনপ্রিয় ইসলামি প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’, এবার তাদের মধ্য থেকেই নির্বাচিত চার শতাধিক নারী-পুরুষ সরাসরি অংশ নিলেন বিশেষ এক আয়োজনে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘শরয়ী সমাধান’-এর ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যেখানে ছিল জ্ঞান, স্মৃতি, আবেগ ও আনন্দের অনন্য সমন্বয়।

গত শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় পাঁচশ দর্শক। শুধু প্রশ্নোত্তরেই সীমাবদ্ধ না থেকে পুরো আয়োজন সাজানো হয় নান্দনিক উপস্থাপনা ও স্মৃতিচারণে।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ ‘শরয়ী সমাধান’ শুরুর পেছনের গল্প তুলে ধরেন। দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় পুরো ‘শরয়ী সমাধান’ টিমকে। এ সময় ফাউন্ডেশনের প্রথম দুই কর্মী আজিজ আহমাদ ও মাহদি হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনে বক্তার পক্ষ থেকেও নানা স্মৃতিচারণ উঠে আসে। তিনি বলেন, ‘শরয়ী সমাধান’-ই ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রথম আনুষ্ঠানিক উদ্যোগ এবং এই অনুষ্ঠানকে ঘিরেই মূলত ফাউন্ডেশনের যাত্রার বীজ রোপিত হয়েছিল। সেই শুরুর দিনের নানা অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করা হয়।

এ সময় ‘শরয়ী সমাধান’ টিম বক্তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করে। পাশাপাশি দুজন বিশেষ দর্শককে পুরস্কৃত করা হয় এবং কয়েকজন অংশগ্রহণকারীর অনুভূতিও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রদর্শন করা হয় ‘শরয়ী সমাধান’ সংশ্লিষ্ট একটি বিশেষ ডকুমেন্টারি। পরে উপস্থিত দর্শকদের জীবনঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।

প্রশ্নোত্তর শেষে দর্শকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মোলাকাত এবং ইশার সালাতের মাধ্যমে সমাপ্ত হয় ব্যতিক্রমী এই আয়োজন। ইসলামি প্রশ্নোত্তরভিত্তিক একটি অনুষ্ঠানে এত বিপুল মানুষের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দীর্ঘদিন স্মৃতিতে রয়ে যাবে বলে আয়োজকরা মনে করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ