আওয়ার ইসলাম ডেস্ক
‘রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের অনুসরণ ও অনুকরণেই মানবজাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত’—এই আহ্বানের মধ্য দিয়ে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিশাল সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার কনফারেন্স হলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নবীপ্রেমিক মুসল্লি ও সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের সঞ্চালনায় সম্মেলনে সিরাতুন্নবী (সা.)-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা ও দারুল উলুম লন্ডনের শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী, ব্রিটেনের শীর্ষ আলেম ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ ইমাম আব্দুল কাইয়ূম, এসেক্স মসজিদের প্রধান ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ ড. মাহমুদুল হাসান আল-আজহারী এবং মাজাহিরুল উলুম মাইল্যান্ডের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল-মাদানী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান প্রবীণ আলেম শায়খ মাওলানা শামছুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, লন্ডনে সফররত কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, শায়খ মাওলানা নাজিম উদ্দীন ও সহসাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী প্রমুখ।
আলোচকরা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন সর্বোত্তম আদর্শ দিয়ে হজরত রাসূলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মধ্যেই মানবজাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত।
তারা বলেন, মুসলমানদের বেশি বেশি সিরাত পাঠ করা এবং সিরাতের আলোচনা করা প্রয়োজন। কুরআন মাজিদ রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ জানার সবচেয়ে বড় উৎস। পাশাপাশি হাদিস ও নির্ভরযোগ্য সিরাতগ্রন্থে তাঁর জীবন, চরিত্র ও কর্মের বিস্তারিত বিবরণ রয়েছে।

বক্তারা বলেন, গভীর মনোযোগ ও চিন্তা-ভাবনার সঙ্গে কুরআন মাজিদ তিলাওয়াতের পাশাপাশি হাদিস ও নির্ভরযোগ্য সিরাতগ্রন্থ অধ্যয়ন করলে রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব। তাঁর আদর্শের শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপকভাবে সিরাত আলোচনা আয়োজনেরও আহ্বান জানান তারা।
সম্মেলনে আন্তর্জাতিক ক্বারি শায়খ আহমদ হাসান ও হাফিজ আব্দুল মুহাইমিন সুন্নাহ সুললিত কণ্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন নাশিদ পরিবেশন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউকের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ভূঁইয়া, সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, বার্মিংহাম শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান, সৈয়দ রফিকুল হক, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ ও আলহাজ্ব বদরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আইও/