মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


রেজাউল ও ফয়জুল করীমের ভূমিকায় আলেমদের সম্মান বেড়েছে: আমিরে হেফাজত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নির্বাচনের আগমুহূর্তে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে বের হয়ে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান, দলটির দুইজন কান্ডারি আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমকে। তাদের এই ভূমিকার উলামায়ে কেরামের সম্মান বেড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে হেফাজত আমির বলেন, আমি মূলত বয়ান করতে আসিনি। রেজাউল করীম ও ফয়জুল করীমকে ধন্যবাদ জানাতে এসেছি। তারা এমন একটি কাজ করেছে, যার ফলে উলামায়ে কেরামের সম্মান বৃদ্ধি পেয়েছে।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, উম্মতে মুহাম্মদী ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে একটি মাত্র দল নাজাতপ্রাপ্ত হবে। তারা হলো নবী ও সাহাবায়ে কেরামের অনুসারী। যারা সাহাবাদের দোষ-ত্রুটি বর্ণনা করে কিংবা তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা বাতিল আকিদার অনুসারী।

জামায়াতে ইসলামীকে এই যুগের সবচেয়ে বড় ফেতনা আখ্যায়িত করে তিনি উপস্থিত জনতার উদ্দেশে সিরাতে মুস্তাকিমের ওপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

আল্লামা বাবুনগরী বলেন, নবী করিম সা. বলেছেন, এমন এক প্রজন্ম আসবে যারা পূর্ববর্তী বুজুর্গদের গালাগাল করবে। আজ কিছু লোক বের হয়েছে, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, এমনকি হজরত ওমর রা. সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করে।

তিনি আরও বলেন, সাহাবায়ে কেরামই সত্যের মাপকাঠি। যারা এ বিষয়ে দ্বিমত পোষণ করে, তাদের আকিদা নষ্ট। বর্তমানে এমন একজন লোকও রয়েছে, যে সাহাবীদের সত্যের মাপকাঠি মানে না। অথচ সে এখন এমপি হয়েছে, আর তাকে এমপি বানাতে আমাদেরই কিছু মানুষ সহযোগিতা করেছে।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, যখন বাতিল শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন উলামায়ে কেরামের দায়িত্ব হলো তাদের মুখোশ উন্মোচন করা। যারা এ দায়িত্ব পালন করবে না, আল্লাহ তায়ালা তাদের ওপর লানত বর্ষণ করেন।

শেষে তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, আপনারা নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের দলে থাকবেন। একই সঙ্গে তিনি আবারও পীর সাহেব চরমোনাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ