নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’। আগামী ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (২২ সফর ১৪৪৮ হিজরি), বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদ্রাসা) প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকাবির ও আসলাফের ধ্যান-ধারণা এবং দেওবন্দিয়াতের মৌলিক চিন্তা-চেতনা জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছর জেলাভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হলেও এ বছর থেকে তা কেন্দ্রীয়ভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি (দা.বা.)।
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আরশাদ রহমানী ও সেক্রেটারি মাওলানা ইউনুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল মাদরাসার আসাতিযায়ে কেরামদের স্ব-সম্মানে সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সম্মেলনটি শুধু আসাতিযায়ে কেরামের জন্যই আয়োজন করা হয়েছে।
এসএইচ/