বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


সাতক্ষীরায় বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার বসন্তপুর সীমান্তের কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমানা থেকে তাদের গুলি করা হয়।

আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তারা ভারতে যান এবং কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তারা বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে দেশে ফেরার চেষ্টা করেন।

জানা গেছে, তারা যখন নদী পার হচ্ছিলেন, তখন বিএসএফ সদস্যরা গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় তারা কোনোমতে বাংলাদেশ অংশে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ভোররাত সোয়া ৩টার দিকে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ