নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের জন্য বিভিন্ন হজ প্যাকেজ, সেবা ও এজেন্সি সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ তৈরি করতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিএল) আয়োজিত এ মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
গত মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
হাব জানায়, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদিত এজেন্সিগুলো তাদের প্যাকেজ ও সেবাসংক্রান্ত তথ্য নিয়ে স্টল স্থাপন করবে। দর্শনার্থীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজের মূল্য, সুযোগ-সুবিধা ও সেবার মান তুলনা করে মধ্যস্বত্বভোগীর সংশ্লিষ্টতা ছাড়াই সরাসরি পছন্দের এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তি করতে পারবেন।
তিনি জানান, মেলা উপলক্ষে অনেক এজেন্সি তাদের সার্ভিস চার্জে বিশেষ ছাড় দেবে। ফলে হজ ও ওমরাহ পালনে আগ্রহীরা এ সময় বুকিং করলে অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।
হাব মহাসচিব বলেন, বাংলাদেশের প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় ইবাদত পালন করেন। ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে হাব কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ হজযাত্রী গ্রামাঞ্চলের বাসিন্দা হওয়ায় তাদের সঙ্গে অনুমোদিত হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে প্রতারক, ভুয়া গ্রুপ লিডার ও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে হজযাত্রীদের সুরক্ষা দেওয়াও এ আয়োজনের লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজ ও ওমরাহ পালনের আগে অবশ্যই সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স যাচাই করতে হবে এবং সরাসরি এজেন্সির ব্যাংক হিসাবেই অর্থ জমা দিতে হবে।
তিনি আরও বলেন, মেলায় হজ-সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমান সংস্থা এবং অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে সেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সংবাদ সম্মেলনে হাব মহাসচিব জানান, সৌদি সরকার ইতোমধ্যে ২০২৭ সালের হজের রোডম্যাপ ও নতুন নির্দেশনা ঘোষণা করেছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা, 'ডি' ক্যাটাগরি বাতিলসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব বিষয় বাস্তবায়িত হলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালন আরও ব্যয়বহুল ও কষ্টসাধ্য হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
আইও/