শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন

আল-আযহারের সঙ্গে কওমি মাদরাসার মুয়াদালায় সম্মতি দিলেন বেফাক সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মিশরের বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আযহারের সঙ্গে বাংলাদেশের কওমি মাদরাসার সনদের সমমান (মুয়াদালা) প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও আল-হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখ মাহমুদ হাসান।

মিশরের রাজধানী কায়রোর নসর সিটিতে মিশরপ্রবাসী বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সম্মতি জানান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মিশরের স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন ও সঞ্চালনা করেন আওসবির সভাপতি মাওলানা আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব।

বৈঠকে আওসবির প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন, সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমান, মুহাম্মাদ আখতারুজ্জামান, মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মাজহারুল ইসলাম, শাহেদুল ইসলাম, আবদুর রহমান মোতালেব, আবদুল আজিজ তরফদার, উসামা বিন শফিক, আবদুল কাইয়ুম এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মিসবাহুল হক মেরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের কওমি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও প্রক্রিয়া সুশৃঙ্খল করার লক্ষ্যে আল-আযহারের সঙ্গে আল-হাইআতুল উলইয়া ও বেফাকের মুয়াদালা চুক্তি, মিশরে শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং বাংলাদেশ-মিশর আন্তর্জাতিক সেমিনার আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শাইখ মাহমুদ হাসান মিশর সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে সময়ের চাহিদা বিবেচনায় আল-আযহারের সঙ্গে কওমি মাদরাসার সনদের সমমান প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক মত দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলোর দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় আওসবির সভাপতি উত্থাপিত দুটি বিশেষ আবেদনপত্রে স্বাক্ষর করেন শাইখ মাহমুদ হাসান। এ ছাড়া বাংলাদেশের কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে প্রতিবছর শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল মিশরে পাঠানোসহ আওসবির বেশ কয়েকটি প্রস্তাবেও তিনি সম্মতি জানান।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আওযহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শাইখ মাহমুদ হাসানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আল-আযহারের সঙ্গে মুয়াদালা বিষয়ে তাঁর ইতিবাচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

জবাবে শাইখ মাহমুদ হাসান উপস্থিত ব্যক্তিদের নিজ হাতে স্বাক্ষরিত সনদে হাদিস বর্ণনার ইজাজত প্রদান করেন। পরে আওসবির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব আল-আযহারের গ্র্যান্ড ইমাম ও শায়খুল আযহার আহমাদ আত-তাইয়িবের কার্যালয় থেকে পাঠানো বিশেষ উপহারসামগ্রী তাঁর হাতে তুলে দেন। শাইখ মাহমুদ হাসান আনন্দের সঙ্গে উপহারটি গ্রহণ করেন।

বৈঠক শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে শেষ রাতে বাংলাদেশের উদ্দেশে মিশর ত্যাগ করেন শাইখ মাহমুদ হাসান। এ সময় আওসবির প্রতিনিধিরা তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন।

সংগঠনটির অফিস ও প্রচার সম্পাদক ইরফান উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ