আওয়ার ইসলাম : দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যাকবলিত বেশির ভাগ জেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শনিবার মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নীলফামারী ও টাঙ্গাইলে সরকারি-বেসরকারি উদ্যেগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মৌলভীবাজারের বড়লেখায় মুক্তিযোদ্ধারা নিজেদের ভাতার টাকায় ৭০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দেন। তবে যে পরিমাণ ত্রাণ দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে। বন্যার্ত এলাকাগুলোতে নৌকা দেখলেই বানভাসিরা ত্রাণের আশায় নদীতীরে ভিড় করছেন। এদিকে ফরিদপুরসহ কয়েকটি জেলায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান।
জামালপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ : দেওয়ানগঞ্জে নৌকা দেখলেই বানভাসিরা ত্রাণ নেয়ার জন্য নদীর ধারে ভিড় করছেন। শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়ন পরিদর্শন ও ত্রাণসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি। চুকাইবাড়ি চিকজানীসহ বিভিন্ন এলাকায় এমপি ত্রাণ বিতরণ করবেন- এমন সংবাদ ছড়িয়ে পড়লে নদীতীরবর্তী বন্যাকবলিত এলাকার শত শত নারী-পুরুষ ত্রাণ নিতে ভিড় করেন। বড়খাল, খোলাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বড় নৌকা দেখলেই বানভাসিরা প্রচণ্ড রোদের মধ্যে পানিতে দাঁড়িয়ে ত্রাণের জন্য অপেক্ষা করেন। শনিবার বিকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনায় ১২ সেন্টিমিটার পানি কমলেও বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। বকশীগঞ্জের বন্যাকবলিত এলাকা মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, ত্রাণের আশায় অধীর অপেক্ষা করছেন বানভাসিরা। এদিকে ইসলামপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
চরভদ্রাসন (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার পদ্মা নদীর পানি আরও ১৬ সেমি. বেড়ে বিপদসীমার ২০ সেমি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে উপজেলার প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে উপজেলা সদরের ফাজেলখারডাঙ্গী গ্রামের ডা. আ. রশিদের বসতভিটাসহ দুই একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
বড়লেখা (মৌলভীবাজার) : শনিবার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং সন্তান কমান্ডের সদস্যদের চাঁদায় যৌথভাবে উপজেলার ব