মুহাম্মদ ইমদাদুল হক ফয়েজী ।।
‘জন্মেছি আমরা মরিবার তরে’ অমোঘ এ বিধিকে বরণ করে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধায় পরপারে চলে গেলেন, দেশের কীর্তিমান ইসলামি চিন্তাবিদ, সুন্দর, সাবলীল ভাষার আলোচক, আমাদের প্রেরণার বাতিঘর, চেতনার সু-উচ্চ মিনার- হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনসারী।
৫৬ বছরের বর্ণিল, ছন্দময় জীবনের অধিকারী আনসারী রাহি. প্রায়ই দুয়া করতেন- প্রভু, শুক্রবার দিনে যেন মৃত্যু হয়, মাহফিলে বলতেন- এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ। বাস্তবেই তা হলো। আশা নিয়ে বলা যায়- মহান আল্লাহ তাঁর প্রার্থনা কবুল করেছেন। জগৎবাসীর মধ্যে তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। গৃহবন্দীকালীন এ কঠিন সময়ে, সকালবেলায় অনুষ্ঠিত, অনাহুত জানাযায় মানুষজনের অকল্পনীয়, সাড়া-শব্দহীন উপস্থিতি তাই প্রমাণ করছে।
স্মৃতি যদি ভুল না করে, যুবায়ের আহমদ আনসারী- নামের সাথে শৈশব থেকে পরিচয়। যতদূর মনে পড়ছে দেশের শীর্ষ মুফাচ্ছিরে কোরআন মুহতারাম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী সুপরিচিত হওয়ার পরেই ওয়াজের মাঠে বিশেষত কওমি অঙ্গনে তাঁর সরব পদচারণা এবং পরিপক্কতা।
তখন প্রাইমারি স্কুলে ছিলাম। আমাদের বাড়ির একেবারে পাশে মাদরাসা, আর আব্বাজান রাহি. ধার্মিক-পরহেজগার ছিলেন, উলামায়ে কেরামকে ভালোবাসতেন, তাঁদের কাছে যেতেন, বাড়িতে নিয়ে আসতেন। সম্ভবত, এসব কারণে ছোটকাল থেকে আলেম, মাদরাসা ছাত্রদের প্রতি অনেকটা দুর্বলতা কাজ করতো। এ সুবাদে প্রায়দিন বিকেলবেলা খেলাধুলায় না গিয়ে মাদরাসা ছাত্রদের সাথে মিশে সময় কাটাতাম।
এতে আব্বাজানেরও সন্তুষ্টি থাকতো। তখন এ নামটি নিয়ে আলোচনা শুনতাম। পরবর্তীতে আমাদের ওই মাদরাসার মাহফিলে একবার মুহতারাম আনসারী আসলে আব্বাজান আমাদের ঘরে তাঁর আপ্যায়নের ব্যবস্থা করেন। আব্বাজান আমার মাথায় হাত মাখিয়ে দুয়া দিতে অনুরোধ করেন। তিনি আমাকে নাম জিজ্ঞেস করেন, নাম শুনে আরোও খুশি হয়ে দুয়া দেন। আমাদের বাড়িতে অবস্থানকালে তাঁর হাস্যরসময় আলাপচারিতার হাসিমাখা চেহারাখানা আজও চোখে ভাসছে। সেই প্রথম দেখা থেকে শুরু করে বহুবার তাঁকে দেখেছি। পরবর্তীতে স্কুল ছেড়ে মাদসারায় চলে আসি। ফলে মাহফিলে যাওয়া অনেকটা সহজ হয়ে যায়। আশেপাশে মাহফিল হলে সহপাঠীরা একসাথে দল বেঁধে যেতাম, প্রাণভরে তাঁর হাসি আর কান্নামাখা বয়ান শুনতাম। সবাই জটলা বেঁধে বসতাম, মাঝেমধ্যে তাকবির ধ্বনি জুড়ে দিতে ভুল করতাম না।
সদালাপী, নিরহংকারী, সকলের প্রিয় আনসারী রাহি. নব্বইয়ের দশক থেকে শুরু করে à¦