আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিউইয়র্ক সিটি পুলিশ ও স্থানীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটেছে। ওই গাড়িটির চালকের আসনে ছিলেন একজন নারী। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার ঠিক পরই মিডটাউন ম্যাহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। আহতদের কারও আঘাতই খুব গুরুতর নয় এবং জড়িত চালক ঘটনাস্থলেই ছিলেন বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কিছু ভাষ্যমতে, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়ার আগে সেটি থেমে ছিল এবং প্রতিবাদকারীরা সেটি ঘিরে ছিলেন, এখানে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর গাড়িটি হঠাৎ এগিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, এতে কিছু লোক ও বাইসাইকেল ছিটকে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটোগ্রাফার গণমাধ্যমকে জানিয়েছে, ইউএস ইমিগ্রেইশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট এর হেফাজতে নিউ জার্সির কারাগারে থাকা নথিবিহীন নয় জন অভিবাসীর অনশন ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ওই প্রতিবাদ সমাবেশটির আয়োজন করা হয়েছিল।
-কেএল