যুক্তরাষ্ট্রের হিউস্টনে পারিবারিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার ৩০ ডিসেম্বর একটি ঘরের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার পর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রশাসন সূত্রে স্থানীয় গণমাধ্যম জানায়, গুলিবিদ্ধ হয়েছেন, ভোরে এমন খবর ফোন করে পুলিশকে জানান এক নারী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ বাহিনী সোয়াতকে অবগত করে। ঘরের ভেতরে দুইজন নারী এবং দুইজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তবে এখনো ঘটনার মূল কারণ বের করতে পারেনি পুলিশ। যদিও একে প্রাথমিকভাবে পারিবারিক সহিংসতা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।
-কেএল