আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে পৃথকভাবে বেশকিছু শক্তিশালী টর্নেডোর আঘাতে প্রাণ হারানোদের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
রোববার (১২ ডিসেম্বর) করা পৃথক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ।
টর্নেডোর আঘাতে বহু বাড়ি-ঘর ও স্থাপনা এরই মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে। অপর দিকে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, শক্তিশালী টর্নেডোর আঘাতে প্রাণ হারানোদের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে যেতে পারে।
বিবিসি নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশেই টর্নেডোতে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একটি মোমবাতি কারখানাতেই প্রাণ হারিয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া শুক্রবার দিবাগত রাতের এই ঝড়ের আঘাতে নিহতের সংখ্যা আরও বেড়ে ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টর্নেডোতে বিধ্বস্ত ওই মোমবাতি কারখানাটি যুক্তরাষ্ট্রের মেফিল্ড শহরে অবস্থিত। গত শুক্রবার রাতে হওয়া ওই টর্নেডো কারখানাটিতে সরাসরি আঘাত হানে এবং এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। বিবিসি নিউজ বলছে, কারখানার ধ্বংসস্তূপের মধ্যে এখনো তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এছাড়া টর্নেডোর পর এখন পর্যন্ত আরও ১১০টি কারাখানা থেকে ৪০ জনেরও বেশি লোককে জীবিত অবস্থাতে উদ্ধার করা হয়। কিন্তু কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলছেন, বিধ্বস্ত কারখানাগুলোর ধ্বংসস্তূপ থেকে এখন কাউকে জীবিত উদ্ধার করা হলে সেটি হবে অলৌকিক কোনো ঘটনা।
তিনি আরও বলেন, মেফিল্ড শহরের চারদিকে ৩৬৫ কিলোমিটার এলাকাজুড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এটি অবর্ণনীয়। এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি।
এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে কেন্টাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি হপকিন্স কাউন্টিতে ঝড়ের কারণে একটি ট্রেনও লাইনচ্যুত হয়ে গেছে।
অপর দিকে শুক্রবার দিবাগত রাতে আঘাত হানা টর্নেডোকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, দুর্যোগ পীড়িত মানুষকে সহায়তা করতে সম্ভব সবকিছুই করবে তার সরকার।
এছাড়া টর্নেডোর পর প্রেসিডেন্ট বাইডেন এরই মধ্যে ফেডারেল ইমারজেন্সি ডিজাস্টার ডিক্লারেশনে স্বাক্ষর করেছেন। এর ফলে কন্টোকি অঙ্গরাজ্যের জন্য অর্থ ছাড় করতে পারবে কেন্দ্রীয় সরকার। টর্নেডোর আঘাতে এই অঙ্গরাজ্যটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
-এএ