নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় খতমে নবুওয়ত বিষয়ক এক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ ইশা আল মদীনা জামে মসজিদে ফিরাকে বাতিলা প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলেম-উলামারা আকিদায়ে খতমে নবুওয়তের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
দারুল উলূম দক্ষিণগাঁও সবুজবাগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শিব্বির আহমাদ কাসেমীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামসুল উলূম খিলগাঁও মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুস সামাদ, আবু বকর মসজিদ মাদরাসা বনশ্রীর শাইখুল হাদীস মুফতি বুরহান উদ্দীন, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মুফতি দেলাওয়ার হুসাইন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, মাওলানা নজির আহমাদ খান, ঢাকা মহানগরীর সহসভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী এবং ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতি আল-আমীন ফয়জী। এ ছাড়া বক্তব্য দেন মাওলানা নুরুল আলম নদভী, মাওলানা বাইজিদসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আকিদায়ে খতমে নবুওয়ত ইসলামের অন্যতম মৌলিক ও অকাট্য বিশ্বাস। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী বা রাসুল আসার সুযোগ নেই। এ মৌলিক আকিদা সম্পর্কে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা শিব্বির আহমাদ কাসেমী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় আলেম সমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে বিভ্রান্তি ও অপতৎপরতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহফিলের শেষ পর্যায়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সবুজবাগ থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং স্থানীয় আলেমদের সর্বসম্মতিক্রমে মাওলানা নজির আহমাদকে সভাপতি ও মাওলানা বাহাউদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আইও/