এনায়েতুল্লাহ ফাহাদ: ইসলামী শরীয়তে আত্মহত্যা মহাপাপ। বিধি-বিধানের আলোকে একটি বড় অপরাধ। আমজনতার কাছেও একটি ঘৃণিত কাজ। আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করবে না। না পেল সে দুনিয়াতে শান্তি, না আখেরাতে! অশান্তি আর হতাশা থেকে মুক্তি পেতেই হয়তো সে আত্মহত্যা করেছে। কিন্তু তার পরিণাম কোথায়!
জাহান্নাম ছাড়া কিছুই না। তাই দল মত ধর্ম নির্বিশেষে সকলেই এটিকে জানে "নিকৃষ্টতম কাজ"। "আত্মহত্যা" শব্দটা যেমন কঠিন কাজটা ঠিক তার থেকেও মারাত্মক জঘন্য। আত্মহত্যা মহাপাপ ও তার পরিণাম কঠিন।
মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ জাতি। যাকে বলা হয়েছে "আশরাফুল মাখলুকাত"।প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনিই মৃত্যু দান করবেন। সকল ধর্মাবলম্বী মানুষের কাছে এ কথা চিরসত্য "প্রত্যেকটা মানুষ মরণশীল" । মানুষকে আল্লাহ যেমন জন্ম দান করেন, তেমন তিনিই মৃত্যু ঘটান। কিন্তু আত্মহত্যাকারী পাপী বান্দা আল্লাহর দেওয়া স্বাভাবিক মৃত্যুকে উপেক্ষা করে নিজের হাতে তুলে নেই ভয়ঙ্কর মৃত্যু । এ কারণে এটি একটি গর্হিত কাজ। মানুষ তার জীবনের মালিক নয়; এর প্রকৃত মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। অতএব, আল্লাহর মালিকানাধীন জীবনের ওপর বান্দার হস্তক্ষেপ করার অধিকার নেই। মহান আল্লাহ এমন কাজকে মোটেও পছন্দ করেন না। আর আমাদের নবী রাসুলুল্লাহ সা. নিজে কখনো আত্মহত্যাকারীর জানাজা পড়াননি। সাহাবিদের দ্বারা তা পড়িয়েছেন।এখানে নবিজি সা. এর আত্মহত্যাকারীর জানাজা নামাজ আদায় না করা থেকেই অনুমান করা যায় যে, আত্মহত্যা কত বড় পাপ। আত্মহত্যা ইহকাল-পরকাল উভয়ই ধ্বংস করে দেয়।
চারিদিকে আত্মহত্যার কাহিনী। ঘরে ঘরে আত্মহত্যার কলঙ্ক। দিন দিন বেড়েই চলেছে এই মহাপাপের প্রবণতা। পত্রিকার পাতা খুললে হরহামেশা আত্মহত্যার সংবাদ। আঞ্চলিক পত্রিকা থেকে নিয়ে আন্তর্জাতিক সংবাদপত্র পর্যন্ত। আজ এখানে, কাল ওখানে, পরশু সেখানে-এভাবেই একের পর এক প্রচার হচ্ছে আত্মহত্যার বিশ্রী খবরগুলো। এভাবে আর কত কাল! মানুষ কি বুঝবে না আত্মার মর্যাদা। জানবেনা তার গৌরব। গড়বে না তার কৃতিত্ব। মানবে না তার স্রষ্টার কথা। তার প্রভূ তো তাকে জানিয়েছে- 'তোমরা নিজেদের হত্যা কোরো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব; এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সূরা আন-নিসা, আয়াত: ২৯-৩০)
আরো স্পষ্টভাবে আল্লাহ তা'আলা বলেছেন, ‘তোমরা স্বহস্তে নিজকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না। (সুরা বাকারা: ১৯৫)
আত্মহত্যা কোনও সমাধান নয়। হতাশা থেকে মুক্তির পথ নয়।