নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল।
শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন আসরের পর থেকে শুরু হবে দুই দিনব্যাপী এই মাহফিল।
আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঐতিহাসিক শহীদী মসজিদের মুহতামিম ও মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশীদের সভাপতিত্বে মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মাহফিলের প্রথম দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা সাজিদুর রহমান ও হজরত মাওলানা শরীফ মুহাম্মাদ। বাদ এশায় বয়ান করবেন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ও হজরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আযহারী।
দ্বিতীয় দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা ইমদাদুল্লাহ । বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি জাফর আহমদ ও হজরত মাওলানা মাহফুজুল হক। বাদ এশা বয়ান করবেন হজরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরী, হজরত মাওলানা মুশতাকুন্নবী ও হজরত মাওলানা মুফতি হামেদ জাহীরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাতুন্নবী (সা.)-এর এ দীনি মাহফিলে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত হয়ে বয়ান শোনার এবং মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এসএইচ/