আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, আজকের যুব সমাজই আগামীর বাংলাদেশের কারিগর। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবকদেরকে নৈতিকতার আদর্শে বলিয়ান হতে হবে। মাদকাসক্তি ও বেকারত্বের কষাঘাতে জর্জরিত যুব সমাজকে পথের দিশা দিয়ে একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী যুব মজলিস তার আত্মপ্রকাশ ঘটিয়েছে। দেশে একটি আমূল পরিবর্তন আনতে এ যুব সংগঠন ভূমিকা রাখবে। ইসলামী যুব মজলিস এ দেশের যুবকদের একটি নির্ভরযোগ্য আশয়স্থল হবে।
আগামী রমজানকে কেন্দ্র করে বাজারে মুরগী, গরু গোস্ত সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আবারো বৃদ্ধি করা হয়েছে। সরকার ইতিমধ্যে বিদ্যুতের দাম
বৃদ্ধি করেছে। আড়তদার ও মজুদদারদেরকে নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। রিজার্ভ ও তহবিল সংকটের কারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় পণ্য আমদানী ব্যহত হচ্ছে। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে সরকারের এখনো পর্যন্ত কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে একটি দেশ চলতে পারে না। জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আজ ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বায়তুল মোকাররম উত্তর গেইটে সকাল ১০ টায় আয়োজিত খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড: মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মুশাহিদ আলী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।