একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।
আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যেটি এ জেলায় মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। মাঝারি শৈত্য প্রবাহের কারণে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৮ ডিগ্রি। তাপমাত্রা নেমে শীত বেশি অনুভূত হচ্ছে।