ফেনী প্রতিনিধি
ফেনীর মহিপালে ছাত্রহত্যার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারা হলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান উম্মে রুমা এবং জেলা যুবলীগের সদস্য এখলাছ উদ্দিন খোন্দকার।
বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিবর্ষণে আটজন নিহত হন। এ ঘটনায় ৮টি হত্যা মামলাসহ ১৬টি মামলা হয়। ঘটনার পরদিন থেকে পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার। বুধবার রাতে তাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।