সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর লাল মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোস্তফা মাহমুদ এবং মুয়াজ্জিন মাওলানা হাফিজুর রহমানকে জোরপূর্বক চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানা বিবৃতিতে তারা বলেন, বিগত ১৪ বছর যাবত অত্যন্ত সুনামের সঙ্গে ঐতিহ্যবাহী এই মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মোস্তফা মাহমুদ। তার জুমার খুৎবা ও আলোচনা শোনার জন্য সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে শুক্রবারে মসজিদ ভরে যায়।
বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও সময়োপযোগী আলোচনা রাখার কারণে তিনি ওই সময়ের সরকারের পেটুয়া বাহিনীর রোষানলে পড়ে অনেকবার কারাবরণ করেছেন। তারপরও তিনি তার ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখেছিলেন।