নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আতিয়া আক্তার রিমা (১১) মারা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আতিয়া আক্তার রিমার বাড়ি নাটোর সদর উপজেলায়। তার বাবার নাম আতিয়ার রহমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ। তিনি জানান, আতিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় দগ্ধ আরও চার শিক্ষার্থী বর্তমানে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়া আক্তার শাপলার ৫৫ শতাংশ, সুমাইয়া আক্তারের ১৩ শতাংশ এবং আসিয়া আক্তার আফরোজার ৭ শতাংশ দগ্ধ হয়েছে। জিদনী আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ শিক্ষার্থীই ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী। ঘটনার সময় তারা তিনতলা মাদ্রাসা ভবনের ছাদে খেলতে গিয়েছিল।
মাদ্রাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, ঘটনার কিছুক্ষণ পর ছাদ থেকে একটি শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে পাঁচ শিক্ষার্থীকে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় দেখতে পান তারা। এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আইও/