মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহণের শ্রমিক-মালিকরা শেরপুরে আটকে দিয়ে গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি বাস নিজেদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।

আবু মঈন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহণ চলাচল করবে না। দাবি-দাওয়া ও বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজারের এসএমএস পরিবহণের মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, মৌলভীবাজারের পরিবহণ মালিক ও শ্রমিকরা হবিগঞ্জের বাসগুলোকে ওই সড়ক দিয়ে চলাচলে বাধা দিয়ে আসছেন। বিভিন্ন সময়ে শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর জেরে একপর্যায়ে হবিগঞ্জের ওপর দিয়ে মৌলভীবাজারের বাস চলাচলেও বাধা দেওয়া হয়।

এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বিরোধ সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য ও প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটকে রাখা হয়।

এ ঘটনার প্রতিবাদেই ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ