নিজস্ব প্রতিবেদক
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতি মনোনয়নের বিষয়ে নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকা প্রস্তুত করবেন।
তবে সিটি করপোরেশন এলাকার অধীন মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে সভাপতির জন্য প্রস্তাব পাঠাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান কমিটি পুনর্গঠন এবং অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এসএইচ/