জুমার খুতবা পাঠের প্রস্তুতি নিতে মিম্বরে উঠেছিলেন তিনি। আল্লাহর বাণী শোনাতে দাঁড়ানো সেই মুহূর্তই হয়ে উঠল জীবনের শেষ সময়। খুতবা আর পড়া হলো না—হঠাৎ থেমে গেল হৃদস্পন্দন।
চাঁদপুরের কচুয়া উপজেলায় জুমার খুতবার প্রস্তুতিকালে ইন্তেকাল করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল মবিন মোল্লা (৬৫)। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, খুতবার জন্য মিম্বরে ওঠার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে সহায়তা করার চেষ্টা করেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।