বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
আতিকুর রহমান নান্নু মুন্সী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি, সামাজিক আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগ দেন। এক যুগের বেশি সময় পর আবার তিনি ফিরলেন ইসলামী আন্দোলনে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশে পুনরায় যোগদান প্রসঙ্গে আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাধ্যমেই আমার রাজনৈতিক পথচলার সূচনা হয়েছিল। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে আদর্শ আমি ধারণ করি, তা ইসলামী আন্দোলনের মধ্যেই সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
এই নেতা বলেন, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক আহ্বান, ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ, কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
নান্নু মুন্সী বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, ইসলামের আদর্শ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ পথচলায় সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
জেডএম/
