সিলেট–৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় জমিয়ত সভাপতি বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী তার খালাতো বড় ভাই ছিলেন। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং চরিত্র ও ব্যক্তিত্বের দিক থেকে অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ হিসেবে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তাদের পারিবারিক ও ভ্রাতৃত্বের সম্পর্ক কখনো নষ্ট হয়নি। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য সবসময় অটুট ছিল।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্ষমা করেন, তাঁর প্রতি রহমত নাজিল করেন এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করার জন্য দোয়া করেন।
জেডএম/
