শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হায়দরাবাদের সংসদ সদস্য ওয়াইসি নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, ভারতীয় নাগরিকদের জীবন রক্ষা করা সরকারের প্রথম দায়িত্ব। কিন্তু দুঃখজনক বিষয় হলো, প্রধানমন্ত্রী উদযাপনের জন্য সময় পেলেও ভারতীয়দের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিন্দা জানানোর সময় পাননি।

তিনি অভিযোগ করেন, বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদি সরকার বারবার ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমন ঘটনাগুলো ঠেকাতেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

চীনের প্রসঙ্গেও সরকারের সমালোচনা করে ওয়াইসি বলেন, গালওয়ান উপত্যকার সংঘর্ষসহ চীন-সংক্রান্ত নানা বিষয়ে সরকার ও রাষ্ট্রীয় পরিসরে এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়। একটি দেশ হিসেবে আমরা এর চেয়ে ভালো আচরণ প্রত্যাশা করি,’ বলেন তিনি।

এদিকে ভারত সরকার জানিয়েছে, ওমানের কাছাকাছি সমুদ্র এলাকায় ভারতীয় নাবিক থাকা তিনটি বাণিজ্যিক জাহাজ যুক্তরাষ্ট্রের বাহিনীর হামলার শিকার হয়। এতে তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নয়াদিল্লি এ ঘটনায় ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ