জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পৌর এলাকার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় জামালপুর থানার একটি দল। এ সময় শামছুল হুদা সেলিমের বাড়ির ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
গ্রেফতার খোদেজা বেগম (৪০) শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের বাসিন্দা এবং শাহ আলীর স্ত্রী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে মোছা. বুলবুলি (৫৮) নামে আরও এক নারীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের বাসিন্দা এবং আবুলের স্ত্রী।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া গাঁজা কেনার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। এছাড়া খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ওসি মো. নাজমুস সাকিব বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন,শমাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
