সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে কোনো মাজার সংক্রান্ত ইস্যু জড়িত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সিলেটের ডিসির বদলিকে একটি মাজারে তার নেওয়া পদক্ষেপের সঙ্গে যুক্ত করার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ করছেন। তবে শুধু কোনো ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে বলেই এ ধরনের ধারণা তৈরি করা ঠিক নয়।
তিনি বলেন, সরকারের এখতিয়ারের মধ্যে সম্পাদিত সব কর্মকাণ্ডের ব্যাখ্যা সব সময় প্রকাশ করা হয় না। রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও থাকতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিবৃতি দিয়েছে। এর বাইরে নতুন করে কিছু বলার নেই।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সক্রিয় রয়েছে। সরকারের যে অবস্থান, সেটিই বর্তমানে বলবৎ থাকবে। তার মতে, ডিসির বদলির ক্ষেত্রে মাজার সংক্রান্ত কোনো ইস্যু নেই।
এদিকে মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারেরও দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
জেডএম/
